শিরোনাম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মুঠোফোনে পাওয়া দুটি বার্তাকে কেন্দ্র করে প্রাথমিক তদন্তের পর রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১০টার পর চট্টগ্রাম পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।
স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার উপাদান রয়েছে—এমন দুটি সুনির্দিষ্ট বার্তা পাওয়া গেছে। এসব বার্তার ভিত্তিতেই প্রাথমিক ফৌজদারি মামলা করা হয়েছে।
ডিআইজি জানান, একটি বার্তায় আগামী ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাওয়া এবং আগের সরকারকে পুনর্বাসনের কথা বলা হয়েছে। অন্য বার্তায় ডিসেম্বর মাসে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার আহ্বান জানানো হয়েছে।
তবে বার্তা দুটি একই ব্যক্তিকে, নাকি পৃথক ব্যক্তিকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ডিআইজি বলেন, বিষয়গুলো এখনো তদন্তাধীন। তদন্তের স্বার্থে এ মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। একই সঙ্গে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
এজাহারের বরাত দিয়ে সিএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণকে মাঠে নামার বিষয়ে উল্লেখ ছিল। ওই বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার প্রসঙ্গও তুলে ধরা হয়। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে নিয়ম অনুযায়ী পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিরা চট্টগ্রামের স্থানীয় নেতা, নাকি জাতীয় পর্যায়ের নেতা—এমন প্রশ্নের জবাবে ডিআইজি বিষয়টিকে সংবেদনশীল উল্লেখ করে মন্তব্য করতে রাজি হননি।
এ ছাড়া জাহাঙ্গীর আলমের কর্মস্থল হালিশহরের কার্যালয়ে অন্য কোনো পুলিশ কর্মকর্তা কিংবা ব্যক্তি এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা ও ফৌজদারি আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডিআইজি।
কবে থেকে এ ধরনের যোগাযোগ শুরু হয়েছিল এবং কত দিন ধরে কথোপকথন চলছিল, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে। তদন্তের মাধ্যমে অভিযোগগুলো যাচাই করে পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।