দিনাজপুরের শিশুশিক্ষার্থী স্বর্ণার পাশে প্রধানমন্ত্রী

ফানাম নিউজ
  ১৮ মার্চ ২০২২, ০৬:০৮

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পৌর এলাকায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুশিক্ষার্থী সুমাইয়া সিনহা স্বর্ণার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একটি বিদ্যালয়ে পোশাক পরে না আসায় শিশুশিক্ষার্থী সুমাইয়াকে স্কুল থেকে বের করে দেওয়ার খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দিনাজপুরের জেলা প্রশাসককে শিশুটির পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

সুমাইয়া সিনহা ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামের শাহিনুর ইসলাম একজন সুপারি বিক্রেতা। 

নির্ধারিত ইউনিফর্ম না থাকায় স্কুল খোলার প্রথম দিন ১৫ মার্চ সাধারণ পোশাকেই স্কুলে হাজির হয় সুমাইয়া। কিন্তু ইউনিফর্ম না পরায় এই শিশুশিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় সংবাদ প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে। তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বুধবার (১৬ মার্চ) রাত ১০টায় স্কুল ইউনিফর্ম ও চিকিৎসার জন্য অর্থসহায়তা নিয়ে শিশুটির বাড়িতে হাজির হন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

বুধবার রাত ১০টায় ফুলবাড়ী উপজেলার পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামে সুমাইয়াদের বাড়িতে যান জেলা প্রশাসক। এ সময় তিনি তার হাতে স্কুল ইউনিফর্ম ও অর্থসহায়তা তুলে দেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজউদ্দীন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান তার সঙ্গে ছিলেন।

এ সময় ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার অঙ্গীকার করেন।

সূত্র: প্রথম আলো

সারাবাংলা এর পাঠক প্রিয়