শিরোনাম

খেলার মাঠ থেকে পানশালা সব জায়গাতেই পাদপ্রদীপের আলোতে থাকলেও ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের শেষকৃত্য অনেকটা গোপনে নিভৃতেই সম্পন্ন হলো।
রবিবার মেলবোর্নে সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে একদম কাছের বন্ধু, পরিবার ও সতীর্থরা মিলে বিদায় জানিয়েছেন শেন ওয়ার্নকে।
তার তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামার ছিলেন শেষকৃত্যে। কিথ ও ব্রিজেট তাদের বড় ছেলেকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন। সব মিলিয়ে ৮০ জন হাজির হয়েছিলেন পারিবারিক এই আয়োজনে। এর মধ্যে ছিলেন ব্যক্তিগত বন্ধু, সাংবাদিক, খেলার মাঠের সতীর্থ এমনকি প্রতিপক্ষ দলের খেলোয়াড়ও। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন অনুষ্ঠানে হাজির ছিলেন।
পুরো অনুষ্ঠানের উপস্থাপনা করেন আমেরিকান গায়ক ম্যাগুয়ের। শুরুতে তিনি বলেছেন, ‘ওয়ার্ন মানুষের জন্য খেলেছে। সে ছিল সুপারম্যান। বাচ্চা হিসেবে যা কিছু করার স্বপ্ন দেখেন, ওয়ার্ন সব করেছেন। সে হ্যাটট্রিক করেছে, ৭০০ উইকেট নিয়েছে। গ্যাটিংকে ওই বলটা করেছে।’
অস্ট্রেলিয়ার টিভি অনুষ্ঠানের কমেডি চরিত্র নিউম্যানও হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। তিনি বলেছেন, ‘শেন ওয়ার্নের পরিবার, কাছের বন্ধুদের দেখতে পারা দারুণ ব্যাপার। আমি জানি না তারা কীভাবে এটা করেছে, কিন্তু তারা নিজেদের একসঙ্গে করতে পেরেছে। এই পরিস্থিতিতে যেমন অন্ত্যেষ্টিক্রিয়া হওয়া দরকার ছিল, তেমনই হয়েছে। আমি আশা করি এমসিজে মানুষে ভর্তি থাকবে তাকে ট্রিবিউট জানাতে।
এর আগে ওয়ার্নের এই বিদায়ে থাকতে না পারার আফসোস করেন সাবেক স্ত্রী এলিজাবেথ হারলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ওয়ার্নের সঙ্গে একটা ছবি দেন তিনি। সেখানে এখনও ওয়ার্নের মৃত্যু মেনে নিতে না পারার কথা জানান এলিজাবেথ।
তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ব্যথিত শেন ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকতে পারবো না বলে। আমার গত রাতে শ্যুটিং ছিল গত রাতে, সময়ের কারণে শারীরিকভাবে যেতে পারছি না।’
ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হওয়া সবাই কিছুক্ষণের জন্য শেন ওয়ার্নকে ট্রিবিউট জানিয়ে নিজেদের স্মৃতি রোমন্থন করেন।
গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে শেষ বিদায় জানানো হবে তাকে।
সূত্র: দেশ রূপান্তর