‘অর্থহীন’ সংলাপে যাবে না এলডিপি, ক্ষমা চাইলেন অলি আহমদ

ফানাম নিউজ
  ০৫ জানুয়ারি ২০২২, ১৪:২৫

রাষ্ট্রপতির সংলাপকে ‘অর্থহীন’ দাবি করে না যাওয়ার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ। এ জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সংকটময় বলে নিজেকে দায়ী করে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

রাজধানী তেজগাঁওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি ভালো মানুষ, কিন্তু তাঁর কোনো ক্ষমতা নেই। তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ। স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন। তবে তিনি যে সংলাপ করছেন সেটি আসলে চা-চক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। সেজন্য জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাব না। এই সংলাপে যাওয়া অর্থহীন।

এ সময় নিজের আত্মসমালোচনা করে তিনি বলেন, আজকে এই সংকটের পেছেনে আমিও দায়ী। এ জন্য জনগণের কাছে ক্ষমা চাই। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারও অনেক ভূমিকা ছিল। তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম।

সূত্র: আরটিভি