নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

ফানাম নিউজ
  ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪

যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচারব্যবস্থার প্রতিক্রিয়া শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মানবপাচার সবচেয়ে গুরুতর, অমানবিক ও নিষ্ঠুর অপরাধগুলোর একটি। এর মাধ্যমে প্রতারক, অপরাধী ও মাফিয়ারা অর্থ উপার্জন করে। মানুষের জীবনের বিনিময়ে তারা বিপুল অর্থ আয় করছে। সরকার এই পরিস্থিতির পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।

মানবপাচার প্রতিরোধে বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব আইনে মানবপাচারের সংজ্ঞাকে আরও বাস্তবসম্মত করা হয়েছে, যাতে অপরাধটির বিস্তৃত পরিসরে তা প্রয়োগ করা যায়। ২০২৬ সালের মানবপাচার আইনে এ ধরনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৮৮৭ সালের জুয়া আইনও সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে অনলাইন জুয়া, পাচার এবং এ ধরনের অবৈধ কার্যক্রমকে আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে। পাশাপাশি মানবপাচার প্রতিরোধে সহায়ক আরও কিছু আইন প্রণয়ন করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে মানবপাচারবিষয়ক প্রোটোকল অনুসমর্থন করেছে। এরপর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তবে মানবপাচার প্রতিরোধে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও স্বীকার করেন তিনি। আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে। তবে জনবলের সীমাবদ্ধতা, অভিযোগকারীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতার অভাব এবং যথাযথ প্রমাণ সংগ্রহসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা রয়েছে।

মানবপাচার আগের তুলনায় কমেছে দাবি করে আসাদুজ্জামান বলেন, অবশ্যই স্বীকার করতে হবে যে মানবপাচার এখন আর আগের মতো ব্যাপক নেই। তবে দেশে বেকারত্বের সংকট রয়েছে। জীবিকার সন্ধানে মানুষকে বিদেশে যাওয়া থেকে আটকানো সম্ভব নয়।

তিনি বলেন, অনেকেই ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে পরে সেখানে অবৈধ অভিবাসীতে পরিণত হন। এ পরিস্থিতিতে বিদেশগামী অভিবাসীদের অধিকার কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।

নাগরিকদের অধিকার রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘আমরা যেকোনো পরিস্থিতিতে আমাদের নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কিছু ঘাটতি থাকতে পারে। তবে আপনাদের যেকোনো ভালো সুপারিশকে আমরা স্বাগত জানাই।’

আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে।