শিরোনাম

ডিজেলের পরিবর্তে এবার বিদ্যুতে চলবে ট্রেন। এর মাধ্যমে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা। ২০৩১ সালে এই ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
বৈদ্যুতিক ট্রেন চালু হলে বর্তমান ডিজেলচালিত ট্রেনের তুলনায় গতি প্রায় ২০ শতাংশ বাড়বে বলে প্রকল্প-সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর তালিকায় রয়েছে মেট্রোরেল-৫-এর দক্ষিণ রুটও। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
এ ছাড়া দেশের ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১ হাজার ২৭৬ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের এইচআইভি/এইডস আক্রান্ত ১৭ হাজার ৭০০ রোগীসহ যক্ষ্মা ও ম্যালেরিয়ায় আক্রান্তদের চিকিৎসায় ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
রেল খাতেও রয়েছে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব। বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।
এবারের একনেক সভায় উপস্থাপিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের বড় অংশই ঋণনির্ভর। সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ, রেল, নগর পরিবহন, ব্যাংকিং ও স্বাস্থ্য খাতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।