বিশ্বের ক্ষুদ্রতম সোলার ড্রোন: বাংলাদেশি বিজ্ঞানীর অনন্য উদ্ভাবন

ফানাম নিউজ প্রতিবেদক
  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:২৯

বাংলাদেশি বংশোদ্ভূত রোবোটিকস বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষকরা উদ্ভাবন করেছেন বিশ্বের সবচেয়ে ছোট মাল্টিরোটর সোলার ড্রোন। মাত্র ১৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও প্রস্থের এই ড্রোনের ওজন মাত্র ৭১ গ্রাম। সূক্ষ্ম নকশা ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ড্রোন রোবোটিকস জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

কয়েক বছরের নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ, এই ব্যতিক্রমী গবেষণা নিয়ে বিশ্বখ্যাত নেচার গ্রুপের জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস-এ “ডেভেলপমেন্ট অব এ সোলার পাওয়ার্ড মাল্টিরোটর মাইক্রো অ্যারিয়াল ভেহিকল” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একই সঙ্গে, সোলার প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম পিভি ম্যাগাজিন-ও এই উদ্ভাবন নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে, যা বৈজ্ঞানিক ও প্রযুক্তি মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

‘মাইক্রো সোলারকপ্টার’ নামে পরিচিত এই সিস্টেম হলো একটি পুনরায় চার্জযোগ্য রেডিও-নিয়ন্ত্রিত ক্ষুদ্র মাল্টিরোটর ড্রোন। এটি একটানা গড়ে সাড়ে তিন মিনিট পর্যন্ত উড়তে সক্ষম। স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশনে (২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্যের আলোতে) সম্পূর্ণ চার্জ হতে এর সময় লাগে মাত্র ৬৮ মিনিট। বিশেষ বৈশিষ্ট্য হলো, সূর্যের অনুপস্থিতিতে এটি ৩৮ দিন পর্যন্ত হাইবারনেশন মোডে থাকতে পারে এবং সূর্যের আলো পেলেই স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে রিচার্জ হয়ে যায়। এই সিস্টেমের উদ্ভাবন ক্ষুদ্র ড্রোন প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করেছে।

এই ড্রোনটি ব্যয়সাশ্রয়ী এবং কম উচ্চতায় কার্যকরভাবে উড়তে সক্ষম। এতে সংযুক্ত ছোট আকারের সোলার প্যানেল নিজস্ব শক্তি উৎপাদনের সক্ষমতা রাখে, যা একে পরিবেশবান্ধব ও দক্ষ প্রযুক্তির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিজ্ঞানী ড. হাসান শহীদ কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্সের শিক্ষক ও গবেষক। তাঁর গবেষণা প্রবন্ধের সংখ্যা এক শর বেশি। সোলার ড্রোন ছাড়াও তিনি মানুষের পরিপাকতন্ত্র ইন্সপেকশন ও রোগ শনাক্ত করার উপযোগী ক্যাপসুল রোবট এবং প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সরাসরি সহায়তা করতে পারে, এমন রোবট নিয়ে গবেষণা করছেন।

‘এন ইন্সপায়ারিং ইভিনিং উইথ রোবোটিক সায়েন্টিস্ট ড. হাসান শহীদ’ শিরোনামে লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবনের বিবরণ তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জোবায়ের। এই আয়োজন ড. হাসানের ব্যতিক্রমী গবেষণা ও উদ্ভাবনী চিন্তার প্রতি সংবাদমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে।

বিজ্ঞানী ড. হাসান শহীদ বলেন, ‘সোলার ড্রোন নিয়ে আমার গবেষণা অব্যাহত আছে। মাল্টিরোটর ড্রোনের উৎকর্ষতা সাধনের পাশাপাশি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো ছোট আকারের এবং ২৫ কেজির চেয়ে কম ভরের সোলার কোয়াড প্লেনের উদ্ভাবন। এই ড্রোন হেলিকপ্টারের মতো কম উচ্চতায় উড়তে পারবে ও কোনো রানওয়ে ছাড়া ওঠানামা করতে পারবে। এটা তথ্য সংগ্রহ, পরিদর্শন ও পর্যবেক্ষণসহ খুব কম ভরের জিনিস পরিবহনে সহায়ক হবে।’

তথ্য প্রযুক্তি এর পাঠক প্রিয়