অভিনয় যদি শিল্প হয়, তাহলে মোশাররফ করিম সেই শিল্পের জাদুকর : সিয়াম

ফানাম নিউজ
  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:০০

টিভি নাটকের জনপ্রিয় মুখ মোশাররফ করিমের দারুণ ভক্ত হালের অন্যতম নায়ক সিয়াম আহমেদ। শুধু মোশাররফ করিমের অভিনয়গুণেই মুগ্ধ নন সিয়াম, তাকে গুরুও মানেন। 

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোশাররফ করিমের ভূয়সী প্রশংসা করে সে কথাই বললেন ‘পোড়ামন’ খ্যাত তারকা।  এর আগে ২২ সেপ্টেম্বরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মোশাররফ করিমকে নিয়ে স্ট্যাটাস দেন সিয়াম।

সিয়াম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন; যেখানে দেখা যাচ্ছে- মোশাররফ করিম ও সিয়াম পরস্পর পিঠে হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। দুজনের মুখেই হাসি। 

ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘উইথ দ্য ম্যাজিশিয়ান’। জাদুকর! সিয়াম নিজের ব্যাখ্যা দেন, ‘অভিনয় যদি শিল্প হয়, তাহলে তিনি সেই শিল্পের জাদুকর।’ 

ওই পোস্ট প্রসঙ্গে সিয়াম গণমাধ্যমকে বলেন, ‘মোশাররফ করিম আমাদের দেশের সম্পদ। তার কাছ থেকে অনেক কিছু জানার ও শেখার আছে। তার অভিনয়ে সব সময় স্বতন্ত্র একটা ছাপ থাকে। চরিত্রকে তিনি নিজের মতো করে লালন করে অভিব্যক্তি প্রকাশ করেন। এভাবে সব চরিত্রের জন্য তিনি মানানসই হয়ে ওঠেন। দর্শক হিসেবে আমি তার অভিনয়ে মুগ্ধ, অনুপ্রাণিত।  শুধু অভিনয়ই নয়, তিনি মানুষ হিসেবেও অমায়িক। তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে ইচ্ছা করে। অভিনয় জগতে তার সংগ্রামের নানা অভিজ্ঞতা শুনতে ভালো লাগে। আমি সব সময়ই মোশাররফ ভাইয়ের দর্শক হয়ে থাকতে চাই।’

ভক্ত হলেও এখনো কেন কোনো সিনেমা বা নাটকে মোশারফ-সিয়ামকে একসঙ্গে দেখা যায়নি - এমন প্রশ্ন উঠতেই পারে।

এ বিষয়ে সিয়াম বলেন, ‘আমরা একসঙ্গে হয়তো কাজ করিনি, শিগগির হয়তো করব। তার সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে কৃতজ্ঞ থাকব। আর ফেসবুকে পোস্ট করা ছবিটি কাজের সময়ে তোলা হয়নি। একটি অনুষ্ঠানে দুজন হাজির হয়েছিলাম, তখন তোলা হয়েছিল।’

‘অন্তর্জাল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিয়াম। সিনেমার শুটিং প্রায় শেষপর্যায়ে। ‘বায়োপিক’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি। ‘মৃধা বনাম মৃধা’ নামের একটি সিনেমা মুক্তি পাবার অপেক্ষায়।

বিনোদন এর পাঠক প্রিয়