‘ঘরের কথা পরে জানলো কেমনে?’

ফানাম নিউজ
  ০৫ জানুয়ারি ২০২২, ১৬:২১

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাকে নানা সময়ে অনিয়ম-অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতে দেখা গেছে। সবশেষে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফোনালাপ ফাঁসের পর তার বিরুদ্ধেও কথা বলেছিলেন এই নির্মাতা। সূত্র: আরটিভি

তিনি আবারও একটি অনিয়মের কথা তুলে ধরলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (৪ জানুয়ারি) এই নির্মাতা নিজের সঙ্গে ঘটে যাওয়া অভিজ্ঞতার বিবরণ দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অনিয়ম নিয়ে কথা শেয়ার করেন।

ফারুকী স্ট্যাটাসে লেখেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যানের শুটিং করতে চাইছিলাম শিল্পকলা একাডেমিতে। সারা ভাবির করা আবেদন তারা বাতিল করে দিয়েছিলেন। আমি ভাবছিলাম একটু ফ্রি হয়ে শিল্পকলার এই মৌলবাদীতা নিয়ে কিছু কথা বলব। শিল্পকলাই যদি শিল্পের কলার চেপে ধরে তাহলে শিল্প এবং কলা দুইটারই জান যাবে।

যোগ করে ফারুকী লেখেন, তারপর ভুলেই গেছিলাম। এটা নিয়ে আর কথা বলিনি। আজকে খবরে দেখি শিল্পকলার ডিজির বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ। বলা হচ্ছে এই কাজে তাকে সাহায্য করেছে নিচের দিকের কিছু কর্মচারী। নিউজটা দেখে আমার লেডিজ অ্যান্ড জেন্টলম্যানের খায়রুল সাহেব এবং মিজুর কথা মনে পড়ে গেল। মনে হলো ওই সময় যদি তারা আমার স্ক্রিপ্ট পড়ার সুযোগ পেত তাহলে তাদের ফার্স্ট রি-অ্যাকশন হতো ‘ঘরের কথা পরে জানলো কেমনে?’

ফারুকী আরও লেখেন, যাই হোক ভয়ে আছি, কবে না শোনা যায় শিল্পকলার ডিজি’র বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ। তখন আবার ডিজি সাহেব গল্পের কপিরাইট বাবদ পয়সা চেয়ে না বসেন।

এদিকে গেল বছরের ২৮ ডিসেম্বর একটি সুখবর দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রথমবার বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি। ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন ফারুকী ও তিশা। ১১ বছরের সংসার জীবনে প্রথমবার সন্তান জন্ম নিতে যাচ্ছে তারা।

বিনোদন এর পাঠক প্রিয়