উপস্থাপনার কাজটি বেশ উপভোগ করছি

ফানাম নিউজ
  ১৪ নভেম্বর ২০২১, ১২:১৬

করোনার প্রকোপ কমলেও এখনো অভিনয়ে নিয়মিত হননি জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দুটি সিনেমার কাজ হাতে আছে তার। এরই মধ্যে একটির শুটিং করেছেন কিছুদিন আগে। পাশাপাশি রয়েছে উপস্থাপনার ব্যস্ততা। 

* এখন সময় কেমন যাচ্ছে আপনার?

** সবার দোয়া ও ভালোবাসায় মহামারিকালেও সুস্থভাবে জীবনযাপন করছি। কাজ কিছুটা কম করছি। তবে প্রস্তাব পাচ্ছি প্রত্যাশার চেয়েও বেশি। পছন্দ না হওয়ার কারণে বেশিরভাগ কাজই ফিরিয়ে দিতে হচ্ছে।

* কাজ ফিরিয়ে দেওয়ার বিষয়টি যদি নিয়মিতই ঘটে তাহলে তো প্রস্তাব পাওয়ার সম্ভাবনা কমে যাবে...

** না পাঠালে নাই। কারণ মানহীন কাজ তো করতে পারব না। আমি আজ যেখানে অবস্থান করছি, তার পেছনে রয়েছে অনেক শ্রম ও কষ্টের অধ্যায়। দর্শক আমাকে ভালোবাসেন কাজের কারণেই। তা না হলে আমি হারিয়ে যেতাম অনেকের মতোই।

* ‘গাঙচিল’ নামের একটি সিনেমায় অভিনয় করছিলেন। সেটির কাজের অগ্রগতি কী?

** পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল সম্প্রতি এর শুটিং শেষ করেছেন। এখন ডাবিংয়ের অপেক্ষায় আছি। কারিগরি কাজগুলো শেষ হলেই সম্ভবত এটি মুক্তির প্রক্রিয়ায় আসবে।

* কিছুদিন আগেও নাটকে অভিনয় করতেন। এখন এ মাধ্যমে আপনাকে দেখা যায় না কেন?

** আমি কোনো উপলক্ষ্য ছাড়া নাটকে অভিনয় করি না। এ মাধ্যমে যে কাজ একবারেই বন্ধ করে দিয়েছি, তা কিন্তু নয়। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই নাটকে আবারও অভিনয় করব।

* ওয়েব মাধ্যমে নিয়মিত হচ্ছেন না কেন?

** সম্প্রতি বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফরমের কাজের প্রস্তাব পেয়েছি। সম্মানী খুবই হতাশাজনক হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।

* উপস্থাপনার খবর কী?

** দেশ টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। এটি গতকাল থেকে প্রচারে এসেছে। শিগগির এর নতুন পর্বের শুটিং শুরু হবে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজটি বেশ উপভোগ করছি। সূত্রঃ যুগান্তর

বিনোদন এর পাঠক প্রিয়