ক্যাডেট কলেজের শিক্ষার্থীপ্রতি সরকারের ব্যয় ৫ লাখ ৩৪ হাজার টাকা

ফানাম নিউজ
  ০৭ জুলাই ২০২৩, ০৩:১০

ক্যাডেট কলেজের শিক্ষার্থী প্রতি সরকারের বছরে ৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মোজাফ্ফর হোসেনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, গত অর্থবছরে (কোন অর্থ বছর সেটা উল্লেখ করা হয়নি) ক্যাডেট কলেজগুলোর সরকারি বরাদ্দ ছিল ১৯৭ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা। বর্তমানে ক্যাডেট কলেজগুলোতে তিন হাজার ৭০০ জন শিক্ষার্থী পড়াশোনা করেন। সেই অনুযায়ী ক্যাডেট কলেজগুলোতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাথাপিছু বার্ষিক সরকারি ব্যয়ের পরিমাণ ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা।

তিনি জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় সংক্রান্ত বরাদ্দ সমন্বিতভাবে সম্পন্ন করা হয় বিধায় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়ে পৃথকভাবে প্রদর্শন করা হয় না।

মন্ত্রীর তথ্যানুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীপ্রতি সরকারের বার্ষিক খরচ ৫০ হাজার ৫১২ টাকা। ২০২১-২২ অর্থ বছরে এ স্তরের ৩৩ লাখ ১৪ হাজার ৪৩৬ জন শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ১৬ হাজার ১৬৭ কোটি টাকা। পোস্ট সেকেন্ডারি নন-টারশিয়ারি স্তরে ৩ লাখ ৪৫ হাজার ৫৮ জন শিক্ষার্থীর বিপরীতে সরকারের বরাদ্দ ৭০৭ কোটি টাকা। শিক্ষার্থীপ্রতি বার্ষিক খরচ ২০ হাজার ৪৮৯ টাকা। টারশিয়ারি স্তরে ৩৮ লাখ ১২ হাজার ৪১৪ জন শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল সাত হাজার ৮০৭ কোটি টাকা। এ হিসেবে সরকারের বার্ষিক খরচ ২০ হাজার ৪৭৮ টাকা।

তিনি জানান, বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনায়ন এবং শিক্ষা ব্যবস্থাপনায় সুশাসন, সাম্য ও জবাবদিহিতা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সরকারি, বেসরকারি ও ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের বার্ষিক মাথাপিছু বয়ের ব্যবধান ক্রমান্নয়ে কমছে।

শিক্ষা এর পাঠক প্রিয়